জেলে
উদ্ধারকৃত জিম্মি জেলেরা। নয়া দিগন্ত

সুন্দরবনের জলদস্য সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। 

Advertisement

আজ সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন। 

তিনি বলেন ‘সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দু’টি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনী খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১১ অক্টোবর দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানকর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ডাকাতদের কাছে জিম্মি থাকা চারজন জেলেকে উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের রেখে বনের ভিতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা তাদের ধরে নিয়ে যায় এবং জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন করে। 

উদ্ধারকৃত জেলে মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২) সকলেই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

সরকারের নির্দেশনা, আপনাদের সকলের সহযোগিতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।