উদ্ধারকৃত বিদেশী রিভলবার
উদ্ধারকৃত বিদেশী রিভলবার। নয়া দিগন্ত

সুনামগঞ্জের ছাতক উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশী রিভলবার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

Advertisement

রোববার (১১ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে, শনিবার (১০ অক্টোবর) রাতে এসআরবি-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের বিশেষ অভিযানে ছাতক থানার নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের সন্টু মিয়ার বসতবাড়ির পাশে পাকা রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের ভেতর থেকে রিভলবারটি উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে এসআরবির উপস্থিতি টের পেয়ে একটি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তিরা। পরে তল্লাশি চালিয়ে ব্যাগে মোড়ানো অবস্থায় একটি ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিনযুক্ত বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারটির এক পাশে খোদাই করে ‘ইউএসএ’ লেখা রয়েছে।

এসআরবি-৯ জানায়, এ ঘটনায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের আইনের আওতায় আনতে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।