
নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও এসআরবি-এর যৌথ অভিযানে এক হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ ২১ হাজার ১০০ টাকাসহ আজাদ মিয়া (৪১) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সংলগ্ন আঞ্চলিক সড়কে এই অভিযান পরিচালিত হয়।
আটক মাদককারবারি আজাদ মিয়া নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাপুর মিলন সর্দারের বাড়ির মরহুম আক্তার হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নোয়াখালী জেলায় তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারিদের বিরদ্ধে সর্বাত্মক অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুর ১টা থেকে ২টার মধ্যে সুধারাম মডেল থানাধীন সোনাপুর-নোবিপ্রবি সড়কস্থ মৌজা ইনকাম চৌধুরীর পুল সংলগ্ন ফারুক মিয়ার বাড়ির সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যৌথ বাহিনী।
এ সময় সন্দেহভাজন যানবাহন তল্লাশির অংশ হিসেবে একটি হোন্ডা এসপি মোটরসাইকেল আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা (ওজন ৯৭ গ্রাম), মাদক বিক্রির এক লাখ ২১ হাজার ১০০ টাকা ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় অধিদফতরের পরিদর্শক জনাব বাপন সেন সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধন ২০২০)-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








