
ভোলার তজুমদ্দিনে মৎস্যসম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে প্রত্যেককে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
রোববার (১১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তড়িৎ চন্দ্র শীল এই দণ্ডাদেশ দেন।
এর আগে, শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই তিন জেলেকে আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন— মো: ছলেমান (৪৯), মো: কবির (৩০) ও মো: শাহিন (২২)। তাদের প্রত্যেকের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে বলে জানা গেছে।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালা করে। এ সময় মাছ শিকার করতে নদীতে জাল ফালানো অবস্থায় তিন জেলেকে আটক করে মৎস্য প্রশাসন।
তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেন বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের প্রজনন রক্ষায় নদীতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার ২২ দিনে যে সরকারি আইন লঙ্ঘন করবে, তার বিরুদ্ধেই প্রশাসন মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








