বিএসএফ কর্তৃক পুশইনের শিকার দুই পুরষ ও দুই নারী
বিএসএফ কর্তৃক পুশইনের শিকার দুই পুরষ ও দুই নারী। নয়া দিগন্ত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

Advertisement

রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতপুর সীমান্তের ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন ঠোটারপাড়া বিওপির সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে এই পুশইনের চেষ্টা পরিলক্ষিত হয়। ভারতের ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয় চার ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। তাদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী ছিলেন।

বিজিবির গোয়েন্দা তথ্য, টহল দলের সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতা এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণে বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল ৮টার দিকে বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যান।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।

উল্লেখ্য, এর আগেও দৌলতপুর সীমান্ত দিয়ে কয়েক দফায় অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে বিএসএফের সেই অপতৎপরতা প্রতিবারই ব্যর্থ হয়েছে।