
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রোববার (১১ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা: সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
হাসপাতালে দগ্ধদের নিয়ে আসা ব্যক্তিরা জানায়, এই ঘটনায় দুই পরিবারের সদস্যরা দগ্ধ হয়েছেন।
ডা: সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধরা হলেন রোজিনা (৩০), তার স্বামী শরিফ (৩৪) রিয়াজ (২২) ও রনি (১৯)। তাদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফ ও রিয়াজের ৪০ শতাংশ করে এবং রনির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।
জানা গেছে, গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনে তারা দগ্ধ হয়েছেন। দগ্ধ চারজনই একে অপরের আত্মীয়। তবে এর মধ্যে শরীফ ও রোজিনা স্বামী-স্ত্রী এবং রিয়াজ হচ্ছে রোজিনার ভাই।
তিনি আরো জানান, দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা অব্যাহত রয়েছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজলক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








