
খাগড়াছড়ির পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে পাহাড় কেটে খাল ভরাট ও সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করার দায়ে মো: কাজল মিয়া নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়া নগর এলাকার আলীনগর রাস্তার মুখে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িত থাকায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(খ) ও ১৫(১) ধারার বিধান অনুযায়ী এ অর্থদণ্ড করা হয়। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটরটি জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকায় স্কেভেটর দিয়ে পাহাড় কাটা হয়। এ সময় পাহাড়ের মাটি দিয়ে পাশের একটি খাল ভরাট করা হয়। পাশাপাশি সরকারি রাস্তার শেষ অংশ কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে পানছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাহাড় কাটার কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মৌখিক নির্দেশনা দেন।
পরে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকা অর্থদণ্ডসহ এক্সকাভেটর জব্দ করেন।
স্থানীয়দের আশঙ্কা, পাহাড় কাটা ও খাল ভরাটের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে। এ অবস্থায় তারা পাহাড় কাটা বন্ধ, খাল ও সরকারি রাস্তা রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপের দাবি জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








