
নাটোরের সিংড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আকরাম সরদার নামে এক যুবককে আটক করে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার হুলহুলিয়া মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আকরাম একই গ্রামের সরদারপাড়ার বাসিন্দা ওয়াজেদ আলী সরদারের ছেলে ও স্থানীয় ওয়ার্ড সদস্য আকমল হোসেনের ভাই বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে অভিযুক্ত আকরাম পাশের মণ্ডলপাড়ায় গিয়ে এক স্কুলছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আকরামকে মারধর করে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদে সোপর্দ করেন। পরে তাকে পরিষদের একটি ঘরে আটকে রাখা হয়।
অভিযুক্ত যুবকের ভাই স্থানীয় ১ নম্বর ওয়ার্ড সদস্য আকমল জানান, এটি একটি অপ্রীতিকর ঘটনা। তার ভাই ষড়যন্ত্রের শিকার। সন্ধ্যায় বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেয়া হয়েছে।
হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির জানান, অভিযুক্ত যুবককে তার পরিষদে পাহারা দিয়ে রাখা হয়েছে। সন্ধ্যার পর পরিষদে বসে সামাজিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ওই যুবককে থানায় আনার নির্দেশ দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








