
ঢাকার সাভারে আগুনে পুড়ে গেছে ঝুটের গোডাউনসহ বসতবাড়ি।
শুক্রবার (৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় আগুনের ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের গোডাউন ও দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ডিইপিজেড থেকে আরো দু‘টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ক্ষতিগ্রস্ত গোডাউন মালিক মো: ইমন জানান, আশুলিয়ার জামগড়া এলাকায় মোট ১৭টি গোডাউন ও দোকান ছিল। এর মধ্যে তিন থেকে চারটি গোডাউন আংশিক রক্ষা পেলেও বাকিগুলো পুড়ে গেছে। আগুনে ঝুট, প্যান্টের কাপড়, গার্মেন্টস অ্যাক্সেসরিজসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের ঢাকা জোনের-৪ উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, যানজটের কারণে জিরাবো থেকে আসা ইউনিটগুলোর পাশাপাশি ডিইপিজেড থেকে দু’টি ইউনিট পাঠানো হয়। আগুন নেভাতে পানির সঙ্কট ও সরু প্রবেশপথের কারণে বেগ পেতে হয়েছে। আগুনে ১২ থেকে ১৩টি গোডাউন ও সেখানকার মালামাল পুড়ে গেছে। পাশের কয়েকটি টিনশেড বাড়িতেও আগুন পুড়ে যায়।
তিনি আরো জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








