
চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে একটি দাওয়াতের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মুখোশ পরিহিত সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও লাঠির আঘাতে জামায়াতে ইসলামীর দুই নেতা আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা গ্রামের বড় পুকুর ইসলামিয়া দাখিল মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আহতরা হলেন, উপজেলার এওচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: জাকারিয়া রুবেল (৩৫) ও ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জাকারিয়া (৪৫)।
জানা যায়, বৃহস্পতিবার রাতে এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী মেম্বারের বাড়িতে পারিবারিক মেহেদি অনুষ্ঠানে অংশ নেন জামায়াত নেতা জাকারিয়া রুবেল ও মাওলানা জাকারিয়া। অনুষ্ঠান শেষে তারা তিনজন মিলে একটি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ৭-৮ জনের মুখোশ পরিহিত সন্ত্রাসী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়।
এ সময় জাকারিয়া রুবেলের ডান হাতে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। এরপর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা ও বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সংবাদ পাওয়ার পর সাতকানিয়া থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন জানান, আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ব্যাপারে প্রশাসনকে ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো: আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনের হাতে জখম হয়েছে বলে জানা গেছে। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ঘটনার কারণ খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে দুই জামায়াত নেতার ওপর হামলা ও আহতের ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভা সদরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া আদালত সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরসভা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








