
গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে দৈনিক ইনকিলাবের মাল্টিমিডিয়া টঙ্গী প্রতিনিধি মারুফ হোসেন (৩০)। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গীর এরশাদ নগর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাংবাদিক মারুফ তথ্য সংগ্রহের জন্য সকালে এরশাদনগর বেড়িবাঁধ এলাকায় যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মো: সোহান (৩০), মো: সেলিম (৫৫) ও হাসানসহ (২৫) তাদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে মারুফের ওপর হামলা চালায়।
সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন। তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা মারুফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (টঙ্গী জোন) খালিদ মো: আরাফাত বলেন, ‘ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার দেড় ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








