
গণভোটের গণরায় বাস্তবায়নে কোনো টালবাহানা জনগণ বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমান সরকার ইতোমধ্যে সকল সেক্টরে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্রের সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় দলীয় লোকদের নিয়োগ দিচ্ছে। গণভোটের গণরায় বাস্তবায়নে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে।’
শুক্রবার (৯ অক্টোবর) দিনাজপুরের বিরামপুরে জেলা জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ টি এম মাসুম বলেন, ‘সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা করছে। দেশের জনগণকে সাথে নিয়ে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য দাবি আদায়ে জাতীয় সংসদে ও রাজপথে সোচ্চার ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘শপথের জনশক্তি রুকনদের কুরআন ও হাদীস অধ্যয়নসহ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যোগ্যতা অর্জন করতে হবে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে গণমানুষের অধিকার আদায়ে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। আসন্ন স্থানীয় নির্বাচনে যথাযথ প্রস্তুতি ও গণসংযোগ বাড়াতে হবে ‘
তিনি আরো বলেন, ‘দেশের জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় শক্তিশালী এবং বলিষ্ঠ ভূমিকা রাখবে।’
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফক্বীহ মাওলানা আব্দুল হাকিম, অঞ্চলের টিম সদস্য মো: আনোয়ারুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন প্রমুখ।
রুকন সম্মেলন ও শিক্ষাশিবিরে পার্বতীপুর, ফুলবাড়ী, নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার চার শতাধিক রুকন উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








