মোহাম্মদ রায়হান আলম, ফেসবুক পোস্ট, হুমকি, গ্রেফতারে অভিযান, মামলা
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম। সংগৃহীত
ads

ফেসবুকে নতুন পোস্ট দিয়ে প্রতিপক্ষের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম।

নিজের বিরুদ্ধে ঘেরাও ও গুলির চেষ্টার কথা উল্লেখ করে তিনি দাবি করেছেন, ‘তাকে মাঠ থেকে সরানো সম্ভব নয়।’ ১৫টি মামলার এই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ‘রায়হান আলম’ নামের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি।

পোস্টে রায়হান লেখেন, ‘শুনলাম আজকে নাকি আমাকে ঘেরাও করে, বেধড়ক গুলি করছে। আবার কিছুদিন আগে শুনলাম আমাকে নাকি গুলি করে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে তাড়িয়েছে।’

প্রতিপক্ষকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘আচ্ছা ভাই, জীবনে কোনো দিন দেখছো আমি মাঠ থেকে পালাইতে?’

পোস্টের শেষাংশে রায়হান লেখেন, ‘তুরা আমি এক রায়হানের জন্য উত্তর-দক্ষিণের সব নেড়া কুত্তা মিলে আমার ধ্বংস কামনা করিস।’

এরপর নিজেকে ‘ছোট্ট বাচ্চা’ উল্লেখ করে তাকে নিয়ে এত আয়োজনের কারণ জানতে চান তিনি।

তবে বৃহস্পতিবার রাতে দেয়া ওই পোস্টটি রায়হান কাকে উদ্দেশ করে দিয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, রায়হানকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তার পালানোর কোনো সুযোগ নেই। ফেসবুকে দেয়া হুমকির পোস্টটি কাকে উদ্দেশ করে, তা খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো: মাসুদ আলম বলেন, ‘রায়হানকে আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি। ফেসবুকে পোস্ট দিয়ে সে আলোচনায় থাকতে চায়। সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন, ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই।’

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরেকটি হুমকিমূলক পোস্ট দেন রায়হান।

সেখানে তিনি লেখেন, ‘গায়ে হাত দিলে সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেবো।’ ওই পোস্টে নিজের সহযোগীদের গায়ে হাত না দিতে প্রতিপক্ষকে সতর্ক করেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশী হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন স্থানে ফোনে চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না পেলে তার সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ রয়েছে। বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত রায়হান।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সাথে যুক্ত রায়হান স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট চেনেন। এ কারণে তিনি নিজের অবস্থান গোপন রাখতে পারছেন এবং তাকে গ্রেফতার করা কিছুটা কঠিন হয়ে পড়েছে।