রুহুল কুদ্দুস তালুকদার দুলু, হুইপ, বিএনপি, শিক্ষা, আওয়ামী লীগ
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নয়া দিগন্ত

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে গেছে। কোনো দেশকে পিছিয়ে দিতে বা ধ্বংস করতে হলে প্রথমেই সেই দেশের শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিতে হয়। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে সেই কাজই করে গেছে।’

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে নাটোর শহরের উত্তর পটুয়াপাড়ার ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে পরীক্ষার হলে শিক্ষার্থীরা সাদা খাতা জমা দিয়েও জিপিএ-৫ পেত বলে অভিযোগ রয়েছে। আবার সামান্য লিখলেও গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার ঘটনা ঘটতো। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাব্যবস্থার এ তামাশা ও খামখেয়ালিপনা বন্ধ করা হয়েছে। এখন পড়াশোনা না করে কেউ পাস করতে পারবে না।’

তিনি বলেন, ‘বিএনপি সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গত অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বাধিক অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষার কোনো বিকল্প নেই।’

হুইপ বলেন, ‘বিএনপি সরকার শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চায়। বিএনপি সন্ত্রাস ও অরাজকতায় বিশ্বাস করে না। একটি মহল প্রতিবেশী দেশে বসে নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধসহ বিভিন্ন ধর্ম ও মতের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছেন। সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব ও ঐতিহ্য পালন করেন। দেশে ধর্মীয় বিদ্বেষের কোনো পরিবেশ তৈরি হতে দেয়া যাবে না। প্রত্যেক ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

মরিয়ম স্কুলের প্রধান শিক্ষক সিস্টার শিল্পী পেরেরা আরএনডিএমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ, পটুয়াপাড়ার সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুন।