
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চারজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতা ও স্থানীয় লোকজনের সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে বিএসএফ সদস্যরা চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শেওড়াতলা সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্তের ওপারে বিএসএফের ১১ ব্যাটালিয়নের বিজয় মাঠপাড়া ক্যাম্প থেকে দু’জন পুরুষ, একজন নারী ও একটি শিশুকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি শনাক্ত করে শেওড়াতলা বিওপির বিজিবি টহল দল।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিজিবি সদস্যরা বিএসএফের এ প্রচেষ্টা প্রতিহত করেন। ঘটনার পর বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় বিজিবি। পাশাপাশি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজিবি সূত্র আরো জানায়, শুক্রবার সকাল ৬টার দিকে সীমান্তের ১০৪ নম্বর গেট দিয়ে বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বিশেষ সূত্রের তথ্য অনুযায়ী, তারা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে অবস্থান করছেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদ কামাল রণ জানান, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভবিষ্যতেও যেকোনো ধরনের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবির নজরদারি ও প্রস্তুতি অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








