ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দু’টি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার শ্রীরামপুর ও সুয়াপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এই বিশেষ অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অব্যবস্থাপনার দায়ে শ্রীরামপুর এলাকার স্কয়ার হাসপাতালকে পাঁচ হাজার টাকা ও জসীমউদ্দীন খান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বৈধ লাইসেন্স না থাকা এবং জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার সুনির্দিষ্ট অভিযোগে সুয়াপুর এলাকার সুয়াপুর ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও মো: আল মামুন বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো রকম অবহেলা ও সাধারণ ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করার বিষয়টি কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন মেডিক্যাল অফিসার ডা: আবু নাসিম, সেনেটারি ইন্সপেক্টর মো: শওকত হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।