ডেঙ্গু, শনাক্ত
চিকিৎসাধীন ডেঙ্গুরোগী। সংগৃহীত

সিলেটে গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরো ১৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৮ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৫ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে চারজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন, মৌলভীবাজার সদর হাসপাতালে একজন ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৫০ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে একজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, হবিগঞ্জ সদর হাসপাতালে নয়জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন, মৌলভীবাজার সদর হাসপাতালে পাঁচজন এবং শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত শনাক্ত ৫১৮ জনের মধ্যে হবিগঞ্জে ২১৯, সুনামগঞ্জে ১১৮, সিলেটে ১০৯ এবং মৌলভীবাজারে ৫৬ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নিতে গিয়ে আরো ১৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার একজন করে রয়েছেন।