
মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক দুই ব্যবস্থাপকসহ পাঁচ ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) গ্রাহকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কর্মকর্তারা হলেন— অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখার সাময়িক বরখাস্ত হওয়া অফিসার (ক্যাশ) মো: জিন্নাহ হোসেন, সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রেজাউল হক, সাবেক ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো: শরীফ উদ্দীন, নিরাপত্তাকর্মী রঞ্জু আহম্মেদ ও সাময়িক বরখাস্ত হওয়া নিরাপত্তাকর্মী আব্দুল হাই।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা পাঁচজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনায় মো: শরিফুজ্জামানকে প্রধান অভিযুক্ত হিসেবে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের আওতায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। পরে আত্মসাৎ করা অর্থের সাথে পাঁচজনের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা এবং দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, ভুক্তভোগী গ্রাহকদের লিখিত অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান শুরু করে। একইসাথে শ্রীনগর থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে। দুদকের অনুসন্ধান ও পুলিশের তদন্তে প্রাথমিকভাবে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর পাঁচ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








