আরপিডিএ চেয়ারম্যান
শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের অডিটোরিয়াম কক্ষে মতবিনিময় সভায় আরপিডিএ চেয়ারম্যান। নয়া দিগন্ত

রংপুর মহানগর থেকে মাদক কারবারি ও সেবিদের নির্মূল করতে সামাজিক প্রতিরোধের ঘোষণা দিয়েছেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের অডিটোরিয়াম কক্ষে সমৃদ্ধ রংপুর মহানগর কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। 

এ সময় সমৃদ্ধ রংপুরের স্থায়ী কমিটির সদস্যসচিব সুলতানুল আলম বুলবুল, মহানগর কমিটির আহ্বায়ক মনজুর হোসেন আজাদ, সদস্যসচিব মুনতাসির শামীম লাইকোসহ শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, ব্যবসায়ী ও শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবীরা বক্তব্য রাখেন।

আরপিডিএ চেয়ারম্যান সামু বলেন, ‘রংপুর শহরে যেভাবে মাদকাসক্ত তৈরি হচ্ছে, মাদক কারবারি বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের ছাত্র ও যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এগুলোকে প্রতিরোধ করার জন্য ‘সমৃদ্ধ রংপুর’ নামের এই সংগঠন আগামী কিছুদিনের মধ্যেই মাঠে নামবে।’

সামু আরো বলেন, আমার বিশ্বাস ‘সমৃদ্ধ রংপুর’ সংগঠনটি আগামীতে রংপুরের সকল স্তরের মানুষকে নিয়ে, বিশেষ করে প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য প্রশাসনের লোকজনকে সাথে নিয়ে রংপুর থেকে চিরতরে মাদককে উৎখাত করার কাজে নামবে, ইনশাআল্লাহ।

মাদক নির্মূলে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে সামু বলেন, ‘সাংবাদিক হিসেবে আপনাদের কাছে আমার অনুরোধ—আপনারা এই সমাজে কোথায় কোথায় কীভাবে মাদক কারবারি হয়, কীভাবে আমরা এই মাদকবিরোধী কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং রংপুরের মানুষকে সেবা দিতে পারি, সেই ব্যাপারে আমাদের পরামর্শ দেবেন। আপনারা পরামর্শ দেবেন, ইনশাআল্লাহ আমরা রংপুরকে এগিয়ে নিয়ে যাব।’