
নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার এনসিপি’র যুব উইং জাতীয় যুবশক্তির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো: হাসান ১৬ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। মামলায় আরো ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যা ৬টার দিকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
মামলার আসামিরা হলেন- ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ (৪৫), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল প্রধান (৫০), বক্তাবলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের (৩০), হালিমের ছোটভাই ইয়াসিন আরাফাত (২৮), নয়ন (২৪), ইমন (২৩), জুয়েল (৩৫), হাসান শরীফ (২৫), শরীফ (২৬), শুভ (২৫), রানা (২৮), ইমরান (২৩), লিটন (২৫), শরিয়ত উল্লাহ (২৭), বিজয় (২৪) ও মাসুম ওরফে মরা মাসুম (৩০)।
মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, সোমবার বিকেলে বক্তাবলী বাজার এলাকায় এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় লোকজনের সাথে আলাপের সময় নেতারা ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তোলেন। এ নিয়ে এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়িতে গিয়ে সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ফাঁড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাওয়ার পর সোমবার রাত সোয়া ৮টার দিকে হামলার ঘটনা ঘটে।









