
ডিপ্লোমা শিক্ষায় গবেষণার পর্যাপ্ত সুযোগ, আধুনিক গবেষণাগার ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে উল্লেখ করে এসব সঙ্কট নিরসনে সরকারের কার্যকর উদ্যোগ চেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
তিনি বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শিক্ষা কারিকুলাম দীর্ঘদিন ধরে অমীমাংসিত হয়ে আছে। এখানে গবেষণার জন্য পর্যাপ্ত ল্যাব ফ্যাসিলিটিজ নেই, গবেষণাগার নেই। নেই পর্যাপ্ত ইকুইপমেন্ট। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এ বিশাল সেক্টরের সঙ্কট নিরসনে সরকারের কোনো উদ্যোগও নেই।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘ষষ্ঠ ডিপ্লোমা সামিট-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাছাইকৃত ডিপ্লোমা শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।
নূরুল ইসলাম কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই। ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়ন ও উৎপাদনের অন্যতম চালিকাশক্তি। সততা, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলে দেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি নিজেদের ন্যায্য অধিকার আদায় ও কারিগরি শিক্ষার সঙ্কট নিরসনে শিক্ষার্থীদের সজাগ ও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। পরে আন-নাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মিয়াজীর দারসুল কুরআন এবং ইউসুফ ইসলাহির উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সামিটের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও দায়িত্বশীলরা বলেন, পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে দক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি উত্তম চরিত্র, সময়ানুবর্তিতা ও ইসলামী শিষ্টাচারের চর্চা জরুরি। নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সামিটে ‘ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন ডুয়েটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইরফানুল হাসান সাকিব ও ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাহিদুল হাসান এবং ন্যাশনাল ডিপ্লোমা ডক্টরস ফোরামের (এনডিডিএফ) সেক্রেটারি জেনারেল মো: এম রহমান বাপ্পি। এফডিইবির নেতারাও আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল এবং শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসেন। এছাড়া প্রকৌশলী, শিক্ষাবিদ, ইসলামি স্কলার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








