দ্য সী প্রিসেন্স হোটেলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
দ্য সী প্রিসেন্স হোটেলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সংগৃহীত

কক্সবাজারের কলাতলি সুগন্ধা পয়েন্টে ‘দ্য সী প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচে অবস্থিত পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

Advertisement

এ সময় সেখানে প্রায় তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে তারা সবাই সুরক্ষিত আছেন।

প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পার্কিং এলাকার জেনারেটরসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুনের খবর পেয়ে দ্রুতই নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে এতে কেউ হতাহত হননি।

‘দ্য সী প্রিন্সেস’ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের বলেন, আমাদের যথেষ্ট অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পর্যটকরা নিরাপদে আছেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় টুপটুপ রিসোর্ট নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে আগুনে প্রাণ হারান ১০ পর্যটক।