
রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও রংপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন। এ সময় ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন তিনি। পরে শহীদ আবু সাঈদের মা-বাবা ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।
কবর জিয়ারত শেষে আবু সাঈদের বাড়ির উঠোনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে দেশের বিভিন্ন এলাকায় সারের কৃত্রিম সঙ্কট তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন মীর শাহে আলম।
তিনি বলেন, দেশে সারের কোনো সঙ্কট নেই। তবে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর ও নড়াইলসহ কয়েকটি জেলায় কৃত্রিমভাবে সারের সঙ্কট তৈরি করা হয়েছে। তার অভিযোগ, বিরোধী দলের নেতাকর্মীরা হৈচৈ করে এসব এলাকায় কৃত্রিম সঙ্কট তৈরি করেছে।
মীর শাহে আলম বলেন, চট্টগ্রাম বিভাগের কোনো জেলায়, বগুড়া, রাজশাহী, পাবনা, নাটোর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট ও বরিশালে এ ধরনের সঙ্কট হয়নি। তার দাবি, মাত্র ১০ থেকে ১১টি জেলায় রাজনৈতিকভাবে সরকারকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সারের কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে।
শহীদ আবু সাঈদের বাড়িতে ঘর নির্মাণ, তার বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থান সৌন্দর্যবর্ধনের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাথমিকভাবে এক কোটি টাকা অনুদানের ঘোষণা দেন মীর শাহে আলম।
তিনি বলেন, শহীদ আবু সাঈদ রংপুরের সম্পদ। তার পরিবারের বাড়ি ও কবরস্থান উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে কাজ বাস্তবায়ন করা হবে। জেলা পরিষদের প্রশাসককে নকশা তৈরির দায়িত্ব দেয়া হবে। এক কোটি টাকার মধ্যে কাজ সম্পন্ন করা সম্ভব না হলে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
শহীদ আবু সাঈদের স্মৃতি বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রংপুর জেলার স্টেডিয়ামের নাম শহীদ আবু সাঈদ স্টেডিয়াম করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত রয়েছে। আবু সাঈদকে শুধু তার গ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশ ও বিশ্বব্যাপী পরিচিত করে তোলার কথা বলেন তিনি।
মীর শাহে আলম বলেন, আবু সাঈদ গণঅভ্যুত্থানের বীর এবং তরুণদের প্রেরণা। তার স্মৃতিকে সম্মান ও সংরক্ষণের জন্য সরকার কাজ করবে।
এর আগে কবর জিয়ারতের সময় প্রতিমন্ত্রীর সাথে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী পীরগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলক উন্মোচন ও মতবিনিময় সভায় অংশ নেন। বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শৃঙ্খলা ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে তার। এরপর পাবলিক লাইব্রেরি মাঠ ও শিল্পকলা একাডেমি মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার কথা রয়েছে।









