নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। নয়া দিগন্ত

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার চার উপজেলার ৩৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট এক কোটি ২৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

Advertisement

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। 

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সড়কে যেসব দুর্ঘটনা ঘটে, এগুলোর একটি বড় অংশ মোটরসাইকেল দুর্ঘটনা। অনেক অভিভাবক অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল তুলে দেন, যা বড় ধরনের ভুল সিদ্ধান্ত।’

জেলা প্রশাসক বলেন, ‘সড়ক নিরাপদ রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এ আর্থিক সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়ক ব্যবহারে আরো সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে জেলার চার উপজেলার সড়ক দুর্ঘটনায় নিহত ১৬টি পরিবারের সদস্য এবং আহত ২১টি পরিবারের সদস্যদের হাতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড অনুমোদিত আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।