বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা
বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা। নয়া দিগন্ত

ঝালকাঠির জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো: মমিন উদ্দিন বলেছেন, ‘ছৈলার চর পর্যটন কেন্দ্রকে একটি সাংস্কৃতিক ভিলেজসহ দৃষ্টিনন্দন ও আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘এর মাধ্যমে দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি ঝালকাঠির পর্যটন সম্ভাবনাকে আরো বিকশিত করা সম্ভব হবে।’

​‘ডিজিটাল অ্যাজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে জেলার কাঁঠালিয়া উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ‘ছৈলার চর’-এ আলোচনা সভাসহ নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিসি।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মকবুল হোসেনের সভাপতিত্বে ও গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পর্যটন খাতের অংশীদাররা।

বক্তারা জেলার পর্যটন সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগিয়ে স্থানীয় ও জাতীয় পর্যটন খাতের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওছার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নীরোদ বরন জয়ধর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো: আমানুল্লাহ সরকার, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, মহিলাবিষয়ক অধিদফতরের উপপরিচালক দিলারা খানম, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি ও ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।