ডোনাল্ড ট্রাম্প, বব উডওয়ার্ড,
ডোনাল্ড ট্রাম্প ও বব উডওয়ার্ড। সংগৃহীত
ads

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ওয়াটারগেট কেলেঙ্কারি উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কিংবদন্তি অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ড। তাঁর মতে, ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চেয়েও ‘অনেক বেশি খারাপ’। একই সাথে ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে যুদ্ধ শুরু করে ট্রাম্প গুরুতর ভুল করেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সহপ্রতিষ্ঠাতা মাইক অ্যালেনের সঙ্গে ‘দ্য অ্যাক্সিওস শো’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে উডওয়ার্ড ট্রাম্পের সাথে তার সম্পর্কের নেপথ্যের নানা বিষয় তুলে ধরেন এবং ট্রাম্পের প্রেসিডেন্সি নিয়ে নিজের মূল্যায়ন জানান।

দুর্নীতির অভিযোগ ও ব্যক্তিগত লাভের সমালোচনা

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টেনে বব উডওয়ার্ড বলেন, ‘প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প নিজেই বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছেন।’

এ প্রসঙ্গে অতীত ও বর্তমানের তুলনা টেনে তিনি বলেন, ‘একসময় কোনো প্রেসিডেন্ট অন্য কারও ব্যক্তিগত উড়োজাহাজে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ পেলেও তা কেলেঙ্কারি হিসেবে বিবেচিত হতো। আর এখন তিনি বিনা মূল্যে একটি উড়োজাহাজই পেয়ে যাচ্ছেন।’

ইরান যুদ্ধই হবে ট্রাম্পের প্রেসিডেন্সির প্রধান উত্তরাধিকার

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী উত্তরাধিকার হিসেবে দেখছেন বব উডওয়ার্ড।

তিনি বলেন, ‘ট্রাম্পের প্রেসিডেন্সি থেকে যে বিষয়টি আমাদের মনে থাকবে এবং যার প্রভাব দীর্ঘস্থায়ী হবে, তা হলো ইরান যুদ্ধ।’

প্রেসিডেন্টদের রাজনৈতিক উত্তরাধিকার তাঁদের পরিচালিত যুদ্ধের মধ্য দিয়েই নির্ধারিত হয়—নিজের দীর্ঘদিনের এই পর্যবেক্ষণের কথা উল্লেখ করে উডওয়ার্ড জানান, সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতার অপব্যবহার করে ট্রাম্প ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছেন।

তিনি বলেন, ‘এটি অত্যন্ত বড় একটি ভুল। যুদ্ধ শুরু করার ক্ষমতা ব্যবহার করে ট্রাম্প ভুল করেছেন। আমি যেমন বলেছি, কোনো উসকানি ছাড়াই তিনি এই যুদ্ধ শুরু করেছেন।’

নিক্সন বনাম ট্রাম্প: উপদেষ্টাদের ভূমিকার পার্থক্য

ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে সহকর্মী কার্ল বার্নস্টেইনের সঙ্গে ‘ওয়াশিংটন পোস্ট’-এ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বিশ্বজুড়ে পরিচিতি পান বব উডওয়ার্ড। ওই প্রতিবেদনগুলোর ধারাবাহিকতায় তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পদত্যাগের পথ তৈরি হয়েছিল।

সাক্ষাৎকারে উডওয়ার্ড নিক্সন ও ট্রাম্পের উপদেষ্টাদের ভূমিকার মধ্যে স্পষ্ট পার্থক্য তুলে ধরেন। তাঁর মতে, নিক্সনের উপদেষ্টাদের মধ্যে এমন ব্যক্তিরা ছিলেন, যাঁরা যুদ্ধ ঠেকাতে এবং প্রেসিডেন্টকে যুদ্ধ থেকে বিরত রাখতে সক্রিয়ভাবে চেষ্টা করতেন।

অন্যদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা প্রেসিডেন্টকে ভুল পথে উৎসাহিত করছেন বলে মন্তব্য করেন তিনি। উডওয়ার্ডের ভাষায়, তাঁরা কেবল ‘দানবকে খাইয়ে যাচ্ছেন’।

যুদ্ধের আইনি বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই যুদ্ধ নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও তীব্র সমালোচনা তৈরি হয়েছে। মার্কিন আইনপ্রণেতা, আইন বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিরা এই যুদ্ধের কৌশলগত যৌক্তিকতা এবং এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সূত্র: প্রেস টিভি