রাজপাড়া থানা
রাজপাড়া থানা। সংগৃহীত

রাজশাহীতে ভাঙতি টাকা না দেয়ার জেরে মুদি দোকানে পেট্রল বোমা নিক্ষেপের পর আগুন ধরিয়ে দিয়ে আবদুল বারী (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ২টার দিকে নগরীর রাজপাড়া থানার বাকির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল ওই এলাকার বদরুল সরকারের ছেলে। তিনি বাড়ির সামনেই একটি মুদি দোকান পরিচালনা করতেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর নগরীর চন্ডিপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় এসে আবদুলের দোকানে ভাঙতি টাকা চান। তিনি ভাঙতি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।

এরই জেরে রাত পৌনে ২টার দিকে ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রল বোমা নিয়ে আবদুলের বাড়ির সামনে আসে। দুর্বৃত্তরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে ফেলে ও পরে পেট্রল বোমা নিক্ষেপ করে দোকানে আগুন ধরিয়ে দেয়। 

দোকানে আগুন দেখে আবদুল ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে বের হয়ে আসেন। এ সময় তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। দুর্বৃত্তরা চলে গেলে স্বজনেরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’

তিনি আরো বলেন, ‘নিহতের লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এজাহার পেলে অভিযুক্তদের গ্রেফতারের উদ্যোগ নেয়া হবে।’