আন্তর্জাতিক মানবপাচার চক্র, গ্রেফতার, এজাহারভুক্ত আসামি
গ্রেফতার বিশু মণ্ডল। নয়া দিগন্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য ও বিশু গ্যাংয়ের প্রধান বিশু মণ্ডলকে (৪০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মুকসুদপুর থানার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

এসআরবি-৬-এর দেয়া তথ্য অনুযায়ী, বিশু মানবপাচার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে অভিযোগ, ইতালিতে পাঠানোর কথা বলে এক ব্যক্তির কাছ থেকে প্রথমে দুই লাখ টাকা ও পাসপোর্ট নেন তিনি। পরে আরো ১২ লাখ টাকা নিয়ে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিশর এবং পরে লিবিয়ায় পাঠানো হয়।

অভিযোগে বলা হয়, লিবিয়ায় পৌঁছানোর পর বিশুর সহযোগীরা ওই ব্যক্তিকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেন। সেখানে তাকে শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হয় এবং মুক্তিপণ হিসেবে ২৫ লাখ টাকা দাবি করা হয়। পরে বিশুর সহযোগীরা ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ওই টাকা আদায় করেন।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীকে একপর্যায়ে ছেড়ে দেয়া হলেও পরে আবার মাফিয়া চক্রের হাতে তুলে দেয়া হয়। এরপর তাকে পুনরায় নির্যাতন করে পরিবারের কাছে ভিডিও পাঠানো হয় এবং আরো ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী গোপালগঞ্জের মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। ট্রাইবুনালের নির্দেশে মুকসুদপুর থানায় বিশুসহ অন্যদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।

এসআরবির ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার এএসপি অনির্বান দাস জানান, বিশুর বিরুদ্ধে এর আগেও মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

গ্রেফতারের পর বিশুকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।