
গফরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদের দোসর কর্তৃক দেশব্যাপী পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গফরগাঁও উত্তর-দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপি, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পাঁচবাগ ইউনিয়নের এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল-ফাতাহ খান।
মিছিলটি পালের বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পালের বাজারে এসে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আল-ফাতাহ খান বলেন, ‘নিষিদ্ধ আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’
এ সময় পাঁচবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফারুক মাস্টার, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য মো: আমির হোসেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আফজালুল আলম উজ্জ্বল, মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: সাদির বেপারী, মৎস্যজীবী দলের সাবেক আহবায়ক মো: আবদুল লতিফ তালুকদার, পাগলা থানা তাঁতিদলের আহ্বায়ক মো: মনির দফতরি, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মোখলেছুর রহমান, পাগলা থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, গফরগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মো: শাহ আলম বিপ্লব, পাঁচবাগ ইউনিয়ন বিএনপি নেতা মানিক মেম্বারসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতারা উপস্থিত ছিলেন।








