সিলেটের কানাইঘাটে গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ উদ্বোধন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী
বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ উদ্বোধন করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নয়া দিগন্ত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘জরাজীর্ণ বুরহান উদ্দিন সড়ক  দেখে আমি মর্মাহত। এ রাস্তার সংস্কার কাজ শুধু কানাইঘাটেই নয়, সিলেট সদরে গিয়ে পৌঁছাবে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলার কানাইঘাটের বহু কাঙ্ক্ষিত গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের উদ্বোধন শেষে রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘রাস্তাটির বেহাল অবস্থা দেখে আমি মর্মাহত। শুধু ভিত্তি প্রস্তর স্থাপন করেই শেষ নয় আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছি, আগামী সোমবারই ঢাকায় আমার সাথে দেখা করার জন্য।’

মন্ত্রী বলেন, ‘কাজের মান নিয়ে কোনো আপস করা হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস ও পুলিশের কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম। 

পরে রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। রাজাগঞ্জ শাহী ঈদগাহ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি অলি মিয়া তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ। 

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, জমিয়ত ও খেলাফতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।