
সিলেট জেলার প্রত্যন্ত জনপদ কানাইঘাটের বহু কাঙ্ক্ষিত গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের উদ্বোধন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘জরাজীর্ণ বুরহান উদ্দিন সড়ক দেখে আমি মর্মাহত। এ রাস্তার সংস্কার কাজ শুধু কানাইঘাটেই নয়, সিলেট সদরে গিয়ে পৌঁছবে।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজাগঞ্জ ইউনিয়নের দেওয়ানচক গ্রাম সংলগ্ন স্থানে রাস্তার সংস্কার কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, ‘রাস্তাটির বেহাল অবস্থা দেখে আমি মর্মাহত। শুধু ভিত্তি প্রস্তর স্থাপন করেই শেষ নয় আমি চীফ ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছি আগামী সোমবারই ঢাকায় আমার সাথে দেখা করার জন্য।’
মন্ত্রী বলেন, ‘কাজের মান নিয়ে কোনো আপস করা হবে না।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, কানাইঘাট সার্কেলের এএসপি সালমান নুর আলম, কানাইঘাটের ইউএনও সুমাইয়া ফেরদৌস।
ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে মন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়। রাজাগঞ্জ শাহী ঈদগাহ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি অলি মিয়া তালুকদার।
কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, জমিয়ত ও খেলাফতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।








