মাদককারবার, মাদক সেবন, যুবক, গ্রেফতার
গ্রেফতার মুবিন মোল্যা। নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দায় মাদককারবার ও মাদক সেবনে বাধা দেয়ায় এবং বিষয়টি এলাকাবাসীকে জানানোর জেরে জাবির আল মীর (২২) নামে এক কলেজছাত্রকে টেঁটা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মুবিন মোল্যা (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মুবিনকে গ্রেফতার পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলসুতী ইউনিয়নের বাউতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত জাবির ওই গ্রামের হেদায়েত আলী মীরের ছেলে। তিনি সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গ্রামের একটি ভেসালে মাছ ধরতে যান জাবির। এ সময় মুবিন টেঁটা নিয়ে তার ওপর হামলা চালান। হামলায় জাবির গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এলাকাবাসীর অভিযোগ, মুবিন দীর্ঘদিন মাদককারবার ও প্রকাশ্যে মাদক সেবন করে আসছিলেন। বিষয়টি জাবির গ্রামবাসীকে জানানোর পাশাপাশি তাকে মাদক সেবনে বাধা দেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে মুবিন বিভিন্ন সময় জাবিরকে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার মাছ ধরতে যাওয়ার সময় একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’