রামগড়ে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ
রামগড়ে বিজিবির সেলাই প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা। নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড়ে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের আওতায় কম্পিউটার এবং সেলাই প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রামগড় বিজিবি জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তৈচালাপাড়া ৪৩ বিজিবির জোন সদরের বাস্কেটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলাম। 

Certificates distributed among BGB computer training students in Ramgarh- বিজিবির কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো: আহসান উল ইসলাম বলেন, ‘রামগড় বিজিবি জোন দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রামগড় জোন সদর কর্তৃক পরিচালিত রামগড় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের মাঝে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।’ 

তিনি বলেন, ‘আশা করি, প্রশিক্ষণার্থীগণ এ প্রশিক্ষণ গ্রহণ করে ব্যক্তিগত জীবনসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন। রামগড় বিজিবি জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষকসহ শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।