
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্যাশলেস ক্যাম্পাস কার্যক্রম বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভাইস চ্যান্সেলরের (ভিসি) দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও নোবিপ্রবির যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সহজতর পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ফি জমাদানসহ আর্থিক বিভিন্ন কাজ ক্যাশলেস ও সহজভাবে সম্পাদন করতে পারবে।’
তিনি আরো বলেন, ‘এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না এবং একটি নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কষ্ট লাঘব হবে।’
এ সময় একটি আধুনিক, স্মার্ট ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: হাছান উদ্দীন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: মাহাবুবুর রশিদ, নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ কার্যক্রম বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট নোবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ক্যাশলেস প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই টিউশন ফি, ভর্তি ফি, পরীক্ষার ফিসহ বিভিন্ন ধরনের ফি জমা দিতে পারবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট ও ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।








