
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনতে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবান স্টেডিয়ামে শুরু হয়েছে ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট’।
বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় ও সদর জোনের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। সহযোগিতায় ছিল বান্দরবান জেলা প্রশাসন ও সম্মিলিত ক্রীড়া পরিষদ। এতে বান্দরবানের স্থানীয় ছয়টি ফুটবল দল অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) মো: সানিউল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের উপ-অধিনায়ক মেজর সায়েম আহম্মেদ, সেনা রিজিয়নের কর্মকর্তা মেজর পারভেজ রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যরা।
এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
উদ্বোধনী খেলায় রুমা ও রোয়াংছড়ি দল গোল শূন্য ড্র করে। অন্যদিকে সকালের খেলায় থানচি ও আলীকদম দল ১-১ গোলে ড্র করে।








