
১৮ জন জেলে নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের হানিফ মাঝির একটি ফিসিংবোট (মাছ ধরার নৌকা) ইঞ্জিন বিকল হয়ে সাত দিন ধরে সাগরে ভাসছে।
মাছ ধরতে গিয়ে উত্তাল আবহাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে তারা রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগর মোহনার ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে গভীর সাগরে অবস্থান করছেন।
সর্বশেষ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাদের সাথে যোগাযোগ হয়েছে বলে জানান হানিফ মাঝির ছেলে মেহেদী। হানিফ মিয়া তার ছেলে মেহেদীকে জানিয়েছেন, সাগর প্রচণ্ড উত্তাল থাকায় কোনো ট্রলার তাদের কাছে আসতে পারছে না। হাতের ইশারায় কয়েকটি ট্রলারের জেলেদের থেকে সহায়তা চাইলেও ঢেউয়ের কারণে তারা এগিয়ে আসেননি। সাগর বেশ উত্তাল হওয়ায় কোনো সহযোগিতা পাচ্ছে না বিকল হওয়া ফিসিংবোটের জেলেরা।
হানিফ মিয়া বলেন, উত্তাল সাগরে ঢেউয়ের মধ্যে বোটটি ভেসে রয়েছে। বোটের নিয়ন্ত্রণ না থাকায় তারা সঙ্কার মধ্যে আছেন। তাদের বোটের কাছাকাছি অন্য বোটগুলোকে সাহায্যের কথা জানালেও সাগর উত্তাল থাকাসহ অন্য বোটগুলোতে ১৮ জনের ধারণক্ষমতা না থাকার কারণেও বোটগুলো উদ্ধারে আসেনি।
কোস্ট গার্ড রাঙ্গাবালীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, সোনারচর থেকে সাগরের প্রায় ১০০ কিলোমিটার দূরের ঘটনাস্থলে যাওয়ার মতো উপযুক্ত নৌযান ও জনবলসহ উদ্ধার সরঞ্জাম আমাদের কাছে নেই।
নৌ-পুলিশের ইনচার্জ জায়েদুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে জানতে পেরে তাৎক্ষণিক সাগরে অবস্থান করা অন্যান্য জেলে ও ট্রলারের সাহায্য চেয়ে খবর দেয়া হয়েছে।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আমরা ভোলা দক্ষিণ জোন কোস্ট গার্ডকে অবহিত করেছি। রাঙ্গাবালী উপজেলা কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের সহায়তায় উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। শিগগিরই তাদের উপকূলে নিরাপদে ফিরিয়ে আনা হবে।








