
শেরপুরে ১৫ সার ডিলার কারাগারে
শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকার সার কালোবাজারে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ১৫ সার ডিলারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত মঙ্গলবার শেরপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলার ১৬ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক মোহাম্মদ জহিরুল কবির একজনকে জামিন দিয়ে বাকি ১৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মামলার ২০ আসামি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ১৫ জনকে কারাগারে পাঠানো হয়। গত ২২ জুলাই সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আনোয়ার হোসেন মামলাটি করেন। এজাহারে বলা হয়, পরিদর্শনে সার বিক্রির রেজিস্টার ও ক্যাশ মেমো যাচাই করে অনিয়ম পাওয়া যায়। অভিযোগ রয়েছে, চার হাজার ৪১২ টন ইউরিয়া, ৮২১ টন ডিএপি ও ১৩৪ টন টিএসপিসহ বিভিন্ন সার কালোবাজারে বিক্রি করা হয়েছে। শেরপুর প্রতিনিধি।
পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করছেন পুকুরের মালিক আবদুস সাত্তার। স্থানীয়রা জানান, রামচন্দ্রদী এলাকায় আব্দুস সাত্তারের প্রায় ৬০ শতাংশের পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে। গতকাল বুধবার সকালে পুকুরে পুঁটি, পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠতে দেখা যায়। রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। আড়াইহাজার থানার ওসি মো: সবজেল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।
ভালুকায় অটোরিকশার চাপায় শিশু নিহত
ময়মনসিংহের ভালুকায় চাচার ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে সানজিদা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বগাজান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বগাজান গ্রামের জসিম উদ্দিনের মেয়ে সানজিদা বাড়ির পাশে রাস্তায় রাখা চাচা ওয়াসিমের অটোরিকশায় উঠে খেলছিল। এ সময় অটোরিকশাটি পাশের খাদে পড়ে গেলে শিশুটি নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভালুকা মডেল থানার এসআই মশিউর রহমান জানান, নিহত শিশুর লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।
হোমনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাজমুল। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাজমুল মনিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। তিনি গ্রামের নজরুল ইসলামের ছেলে। দেড় মাস আগে তার নজরুল ইসলামও মারা যান। হোমনা থানার ওসি টমাস বড়–য়া জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কুমিল্লা প্রতিনিধি।
ডিমলা সীমান্তে ভারতীয় গরু জব্দ
নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে একটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার ঝাড়সিংহেশ্বর সীমান্ত এলাকা থেকে গরুটি জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) ঝাড়সিংহেশ্বর বিওপির একটি টহলদল এ অভিযান চালায়। সুবেদার মো: রফিকুল ইসলামের নেতৃত্বে দলটি সীমান্ত পিলার ৭৯৫/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে গরুটি জব্দ করা হয়। বিজিবি জানায়, আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সীমান্তে টহল ও নজরদারি জোরদার হয়েছে। ডিমলা (নীলফামারী) সংবাদদাতা।
নাশকতার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা খলিলুর রহমান রুবেল মাস্টারকে (৫৫) গ্রেফতার করেছে পাগলা থানা পুলিশ। গত সোমবার রাতে নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর নিগুয়ারী ইউনিয়নের সাধুয়া গ্রামে সংঘটিত সহিংসতার ঘটনায় থানায় একটি মামলা হয়। ওই মামলায় রুবেল মাস্টার এজাহারভুক্ত আসামি। তিনি গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক। পাগলা থানার ওসি মো: আমিনুল ইসলাম বলেন, মামলার আসামিকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে তাকে গ্রেফতার ও আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা।
বোরহানউদ্দিনে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার মুসলিমপাড়াসংলগ্ন খাল থেকে নিখোঁজের দুই দিন পর ইসমাইল (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রোকন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে ইসমাইল নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি। গত মঙ্গলবার খালে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। বোরহানউদ্দিন থানার ওসি আশরাফউদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ ও ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের পর জানা যাবে। বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা।
নড়াগাতীতে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আহত ৮
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ইউপি সদস্য মো: সোহেল ও আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি ও হামলায় উভয়পক্ষের আটজন আহত হন। গুলিবিদ্ধ পাঁচজন হলেন ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নড়াগাতী থানার ওসি মো: হোসেন আলী জানান, পূর্বের হত্যাকাণ্ডের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অস্ত্রের ব্যবহার তদন্ত করা হচ্ছে। নড়াইল প্রতিনিধি।
ফুলপুরে ইয়াবাসহ যুবক গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুরে ৪০ পিস ইয়াবাসহ সোহেল (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ফুলপুর পৌরসভার গোদারিয়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন সোহেলকে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের ভেতর থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১২ হাজার টাকা। গ্রেফতার সোহেল ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশের দাবি, তিনি বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ফুলপুর ও আশপাশের এলাকায় বিক্রি করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। ফুলপুর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








