
মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৮) নামে এক বৃদ্ধ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের জামাতার ভাই ওমর ফারুককে অভিযুক্ত করা হয়েছে।
নিহত আব্দুর রহমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের মরহুম হাজী ইসরাক আলীর ছেলে।
জানা গেছে, গল্লাসাঙ্গন গ্রামের মরহুম তোতা মিয়ার ছেলে কাতারপ্রবাসী মুন্না আহমদের সাথে আব্দুর রহমানের এক মেয়ের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার রাতে আব্দুর রহমান সেখানে যান। একপর্যায়ে পূর্বশত্রুতার জেরে তার জামাতার ভাই ওমর ফারুক দা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রহমানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের পর তারা হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








