
নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেলে গাঁজা পাচারের সময় কুমিল্লা-ভিত্তিক মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও এসআরবি-১১।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ তাদের নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।
এর আগে, মঙ্গলবার রাতে বেগমগঞ্জ থানাধীন বাংলাবাজার এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) ও এসআরবির যৌথ অভিযানে আড়াই কেজি গাঁজাসহ মাদককারবারি চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে গাঁজা পরিবহণ কাজে ব্যবহার করা ১২৫ সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলা কোতয়ালী থানার উত্তর মাজিগাছা এলাকার ইব্রাহিম খলিলের ছেলে ফরহাদ হোসেন (২০) এবং বুড়িচং থানার জয়নাল আবেদীনের ছেলে ইকবাল (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির জেলা কার্যালয় এবং এসআরবি-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি যৌথ
টিম বাংলাবাজার এলাকার পশ্চিম গলিতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলে বসা থাকা অবস্থায় ওই দুই ব্যক্তির শরীর ও ব্যাগ তল্লাশি করে কালো রঙের একটি স্কুল ব্যাগ থেকে দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসসাদুর জামান বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।








