
রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার মামলায় মিলন শেখ (২০) নামে এক গৃহকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর বিশেষ জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মিলন শেখ আদালতে উপস্থিত ছিলেন।
মিলন পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে। এ মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে বিচারকার্য নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ আগস্ট দিবাগত রাতে গৃহকর্মী মিলন শেখ তার দুই সহযোগী রিয়াজ ও তেছের আলীকে নিয়ে ডাকাতির কৌশলে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তারা বাড়ির মালামাল লুট করে পালিয়ে যান।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহত রুনা খাতুনের ভাই মো. রায়হান বাদী হয়ে পাংশা থানায় তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত মিলন শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের এ রায় দেন।








