
ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘উদ্ধার করা মালামাল সীমান্ত থেকে জায়লস্করে অবস্থিত বিজিবির ফেনী ব্যাটেলিয়নের সদর দফতরে আনা হচ্ছে। এরপর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।’








