দুর্বৃত্তকারী পুকুরে বিষ
পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে বিষ প্রয়োগ করে আড়াই লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকার আব্দুস সাত্তারের পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে। পরে বুধবার সকালে পুকুরে থাকা পুঁটি, পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠতে দেখা যায়।

পুকুরের মালিক আব্দুস সাত্তার জানান, পুকুরে থাকা মাছের আনুমানিক মূল্য দুই থেকে আড়াই লাখ টাকা। রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে বলে তিনি অভিযোগ করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সবজেল হোসেন বলেন, ‘অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’