পোনা অবমুক্ত, মাছ, মৎস্য অধিদফতর
মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারায় ৫১টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ২২৫ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আনোয়ারা উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদফতরের চট্টগ্রাম বিভাগের পরিচালক মো: আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারার ইউএনও মো: আবু জাফর মজুমদার।

এ সময় আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: রাশিদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা পল্লবী দাশ গুপ্তাসহ মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, সরকারি রাজস্ব খাতের আওতায় উপজেলার ৫১টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মোট ২২৫ কেজি রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার জলাশয়গুলোতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রজনন ও সংরক্ষণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পাশাপাশি মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা।