
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে পৈতৃক সম্পত্তি দখল, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ভাই খায়রুল বাশার শামীমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মোছাম্মৎ শামিমা আক্তার। গতকাল মঙ্গলবার মিরসরাই প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে শামিমা বলেন, তার বাবা খায়েজ আহাম্মদ জীবদ্দশায় ১ একর ১৫ শতক জমি হেবা ঘোষণার মাধ্যমে তাকে দেন এবং দখল বুঝিয়ে দেন। পরে তিনি ওই জমির নামজারি করে নিয়মিত সরকারি রাজস্ব পরিশোধ করে আসছেন। তবে তিনি সন্তানদের নিয়ে কয়েক বছর দেশের বাইরে থাকার সুযোগে তার ভাই ওই জমি দখল করে ভোগ করছেন বলে অভিযোগ করেন।
সম্প্রতি জমিতে গিয়ে দখল বুঝে নেওয়ার চেষ্টা করলে ভাই, তার স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে হামলা ও গালিগালাজের অভিযোগ করেন শামিমা। পরে জানতে পারেন, জমিতে তার প্রবেশ ও যাতায়াত ঠেকাতে তার ভাই আদালতে মামলা করেছেন এবং ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় কার্যক্রম চলছে। শামিমা বলেন, আদালতের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং আইনগত প্রক্রিয়ার প্রতি কোনো অসম্মান নেই। তবে জমির দলিল, নামজারি, রাজস্ব পরিশোধ ও হেবা ঘোষণার বিষয়গুলো যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।








