কুমিল্লার মুরাদগনরে শিক্ষার্থীদের নিয়ে সড়কের পাশে তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন অধ্যাপক মোহাম্মদ এনামুল হক খান
শিক্ষার্থীদের নিয়ে সড়কের পাশে তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন অধ্যাপক মোহাম্মদ এনামুল হক খান নয়া দিগন্ত

কুমিল্লায় ৫৬ বছর ধরে তালবীজ রোপণ করে আসছেন অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ এনামুল হক খান। এবার তিনি শিক্ষার্থীদের নিয়ে এক লাখ তালবীজ রোপণের কর্মসূচি উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুরাদনগর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা নুরুন্নাহার, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতারসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের নিয়ে সড়কের পাশে তালবীজ রোপণ করা হয়। এ কার্যক্রম মাসব্যাপী চলবে বলে জানা যায়।

মুরাদনগর উপজেলার বল্লভপুর গ্রামের বাসিন্দা এনামুল হক খান ১৯৬৯ সাল থেকে তালবীজ রোপণ করে আসছেন। ২০২২ সাল থেকে তিনি নিজের ইউনিয়নের ৩৪টি গ্রামের ৩২ কিলোমিটার সড়কের পাশে শিক্ষার্থীদের নিয়ে তালবীজ রোপণ করছেন। চার বছরে ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীকে সাথে নিয়ে প্রায় ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন তিনি।

প্রফেসর এনামুল হক খান বলেন, ‘এ এলাকায় বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে এক লাখ তালবীজ লাগানোর পরিকল্পনা নিয়েছি। শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করতে চাই।’

বন কর্মকর্তা নুরুন্নাহার বলেন, ‘তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনামুল হক খানের এ উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়।’