
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে চাঁদা দাবির মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কৃষক দলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো: শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে দলীয় নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের যোগাযোগ না রাখার অনুরোধ জানানো হয়েছে।
কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা ও প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় ফয়সালকে গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ আগস্ট সকাল ১১টার দিকে ফয়সাল অজ্ঞাতনামা ১০-১২ জনকে সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় পদ্মা অয়েল পিএলসির ডিপোর জেট-এ-১ পয়েন্টে প্রবেশ করেন। সেখানে কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।








