বাড়ি ভাংচুর, ধর্ষণ
ভাংচুর করা বাড়ি। নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আলোচিত ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণে ঘটনায় অভিযুক্ত দুই সহোদর আরিফ ও শরিফের বাড়িঘরসহ গ্রেফতারকৃত রাজিবের বাড়িঘর ভাংচুর করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

Advertisement

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সৌদি আরব প্রবাসীর স্ত্রীর ১৬ বছর বয়সী স্কুলশিক্ষার্থী ছেলেকে বেঁধে রেখে তার সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পর এলাকায় মারাত্মক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসীসহ রাজনৈতিক সংগঠনের ব্যানারে গফরগাঁও প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনায় সাথে জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, থানা পুলিশ রাজিবকে (২৩) গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠালেও মূল আসামিসহ চার আসামি রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এতে বিক্ষুব্ধ গ্রামবাসী আজ মঙ্গলবার বিকেলে চর এলাকায় মানববন্ধন কর্মসূচি দিয়ে সকালে তিন ধর্ষকের টিনের বসতবাড়ি ব্যাপকভাবে ভাংচুর চালায়। 

আসামি পরিবারের অভিযোগ, সকালে ৩/৪ ঘণ্টা ধরে বসতবাড়ি ভাঙচুর চালানো হলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালীবাড়ি চর গ্রামে সৌদি প্রবাসীর বাড়িতে পাঁচ যুবক প্রবেশ করে প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে বেঁধে রেখে তার সামনেই মাকে (৩৮) সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। এছাড়া ঘরে রক্ষিত নগদ পাঁচ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগে জানা গেছে। 

এ ঘটনায় শুক্রবার প্রবাসীর স্ত্রী একই গ্রামের তাহের আকন্দের ছেলে শরীফ মিয়া (২৪) ও আরিফ হোসেন (২২), আ: মোমিনের ছেলে ফাহিম (২৪), মোফাজ্জল হোসেনের ছেলে রাজিব মিয়া (২৩) এবং নূর হোসেনের ছেলে এনামুলকে (২২) আসামি করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন।

গফরগাঁও থানার ওসি মো: মনিরুজ্জামান সেখ জানান, আসামিদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারে জোর অভিযান চলছে।