
বগুড়ার ধুনট উপজেলায় চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় রাকিবুল হাসান রাকিব (১৯) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর বদির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাকিবুল হাসান রাকিব শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় সরকারপাড়া গ্রামের আব্দুল্লাহ সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন যুবক যাত্রী সেজে ধুনট বাজার থেকে জয় নামে এক ইজিবাইক চালকের গাড়ি ভাড়া করেন। পরে রাত ৮টার দিকে তারা ধুনট থানার প্রায় ৩০০ গজ দক্ষিণে পাকা সড়কের একটি স্থানে পৌঁছালে চালককে ইজিবাইক থামাতে বলেন।
ইজিবাইক থামানোর পর ওই তিন যুবক চালক জয়ের মুখ গামছা দিয়ে বেঁধে ফেলেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় জয়কে সড়কের ওপর ফেলে রেখে তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান ওই তিনি যুবক।
পরে স্থানীয় লোকজন সড়কের পাশে আহত অবস্থায় পড়ে থাকা জয়কে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় আহত চালকের পরিবারের পক্ষ থেকে ধুনট থানায় লিখিত অভিযোগ করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাকিবুল হাসান রাকিবকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে বগুড়ার আদালতে পাঠানো হলে, আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।








