
খুলনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যর্থতার বিরুদ্ধে এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মহানগরীর ডাকবাংলো মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংক খুলনা শাখার সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, খুলনা।
ব্যাংকের গ্রাহক অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে ও মো: শফিকুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন হারুন অর রশীদ, কাজী মাহফুজুর রহমান, মাওলানা জাহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, রবিউল আলম বাদল, মো: ইমামুল শেখ, হায়দার আলী নিরু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই সময়ে ব্যাংকটিকে অস্থিতিশীল করে তোলার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। ২০১৭ সালে এস আলম গ্রুপের হাতে নিয়ন্ত্রণ হস্তান্তরের পর থেকেই ব্যাংকটি দীর্ঘস্থায়ী সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ব্যাংকটির পুনর্গঠনের উদ্যোগ নিলেও বর্তমান সময়ে একটি স্বার্থান্বেষী চক্র ব্যাংক প্রাঙ্গণে নানা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এই প্রেক্ষাপটে ব্যাংকটির সুশাসন ফিরিয়ে আনতে এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় অবিলম্বে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠনের জোর দাবি জানান বক্তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ফোরামের ৭ দফা দাবি মেনে নেয়া না হলে সাধারণ গ্রাহক ও অংশীজনদের নিয়ে কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে সাধারণ মানুষ যেভাবে রাজপথে রক্ত দিয়েছে, প্রয়োজনে ব্যাংক রক্ষা ও অর্থনৈতিক মুক্তির স্বার্থে সেই আন্দোলন কঠিন থেকে কঠিনতম করা হবে।








