
দেশের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেসব দেশ উন্নতি করেছে, তারা গবেষণা, নতুন উদ্ভাবন ও শিক্ষায় বিনিয়োগ করেছে। শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণা শুধু মানবসম্পদ তৈরি করে না, দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খায়রুল ইসলাম প্রমুখ।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘আগামী বাংলাদেশকে ঠিকমতো গঠন করতে হলে যেসব দেশ উন্নতি করেছে, তারা গবেষণার ক্ষেত্রে কাজ করেছে, নতুন উদ্ভাবনের ক্ষেত্রে বিনিয়োগ করেছে এবং শিক্ষায় বিনিয়োগ করেছে। যেকোনো দেশের উন্নতির জন্য শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণা শুধু মানবসম্পদ তৈরি করে না, দেশের উন্নতির ক্ষেত্রেও কাজ করে।’
সিলেটের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, ‘অনেকগুলো প্রকল্প নিয়ে আমরা কাজ করছি। এর মধ্যে তোমাদের জন্য আকর্ষণীয় একটি প্রকল্প হলো এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ।’
তিনি জানান, হাইটেক পার্ক অথবা উপযুক্ত কোনো স্থানে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা আগামী এক-দুই সপ্তাহের মধ্যে সিলেট সফর করবেন।
তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বহু ফ্রিল্যান্সার রয়েছেন। সিলেটেও আছেন। কেউ ৫০০ ডলার, কেউ ২ হাজার ডলার আয় করেন। এমন ফ্রিল্যান্সারও আছেন, যারা মাসে ৫০ থেকে ৬০ হাজার ডলার আয় করেন। এ সম্ভাবনাকে আরও ছড়িয়ে দিতে হবে।’
তিনি বলেন, ‘যাদের মধ্যে মেধা ও সুপ্ত সম্ভাবনা আছে, তারা এসব বিষয়ে জেনে ও শিখে নিজেরাও আর্থিকভাবে লাভবান হতে পারে এবং জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রসর মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।’
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘যারা ভালো ফলাফল করেছ, তাদের সবাইকে অভিনন্দন। তোমাদের অভিভাবকদেরও অভিনন্দন।’
মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তোমাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনরাও যেন সঠিক লাইনে চলে, তার জন্য তোমরা নিজেদের অনুপ্রেরণা হিসেবে তৈরি রাখো।’








